সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ১০:১৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
নিহের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁর ‘মাগো’ বলে আর্তচিৎকার শুনতে পান। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আগুনের শিখা দেখা যাচ্ছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপর তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে তাঁর মরদেহ নিচে নামিয়ে আনা হয়। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















