৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু
- আপডেট সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৬টি বিতর্ক দলের অংশগ্রহণে শুরু হলো আন্তঃউপজেলা বিতর্ক উৎসব। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিজেকে উপস্থাপন করতে হয়, নিজেকে উপস্থাপন করতে শেখার সবচেয়ে উত্তম মাধ্যম হলো বিতর্ক। এতটা সময় পরে এসে উপজেলা পর্যায়ে বিতর্ক উৎসবের মতো এমন আয়োজন আরও অনেক আগে থেকেই হওয়ার প্রয়োজন ছিল। যারা বিতর্কশ্রমিক আছেন, এ আয়োজন নিয়মিত করতে হবে। ছাত্রজীবন থেকেই আমি বিতর্কের সাথে আছি, আমি বিতর্কের মানুষ। আজকে যে যাত্রা শুরু হলো, এ যাত্রায় আগামী দিনগুলোতে অনেক কথা হবে, কাজ করা হবে। বিতর্কে হারানোর কিছু নেই, যুক্তির লড়াইয়ে পরাজিত হলেও এখানে শেখা যায়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (CKDF)-এর ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবীর চক্রবর্তী। রাউন্ড সিস্টেমে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতার্কিকদের নিয়ে অর্ধমাস ধরে চলবে এই বিতর্ক উৎসব।
বিতর্ক উৎসবে প্রাথমিক পর্যায়ের ৮টি দল, মাধ্যমিক বিদ্যালয়ের ২২টি দল এবং কলেজ পর্যায়ে ৬টি দল অংশ নেয়।













