ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান
- আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায় অবস্থিত মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের আগস্ট মাসে জেলা প্রশাসকের সঙ্গে ইটভাটা মালিকদের অনুষ্ঠিত এক সভায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের এ বিষয়ে নোটিশও প্রদান করা হয়। তবে নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, চাঁদপুর জেলায় চিহ্নিত ৪৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বৈরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।















