কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
- আপডেট সময় : ০৮:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হামলার শিকার আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আলী হায়দার ওই গ্রামের জমাদ্দার বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ হাজেরা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। আটককৃত গৃহবধূ একই বাড়ির কলিম উদ্দিনের স্ত্রী।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদউল্যাহ গাজী জানান, গত সোমবার ( ২৩ মার্চ) সকালে শিকার আলী হায়দার গংদের সাথে একই বাড়ির কলিম উদ্দিন ও ফয়েজ আহাম্মদ গংদের সাথে একই বাড়ির পারিবারিক কবরস্থানের সম্পত্তিতে থাকা গাছগাছালি কাটা নিয়ে মারামারির সৃষ্টি হয়। এসময় কলিম উদ্দিন গংরা শিকার আলী হায়দারকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি বারিসহ কিল ঘুষি ও লাথি মারিয়া মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে ঘটনাস্থল থেকে তাকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মারা যায় আলী হায়দার।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, আলী হায়দারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হাজেরা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।











