সংবাদ শিরোনাম ::
পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কখনো গ্যালারিতে উল্লাস, কখনো উৎকণ্ঠা, আবার কখনো গোলের অপেক্ষায় থমকে যাওয়া নিঃশ্বাস! মাঠের লড়াইয়ে উত্তেজনার পারদটা যে কতটা চড়তে পারে, তারই এক দারুণ উদাহরণ হয়ে থাকল ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণের সেমিফাইনাল। শেষ পর্যন্ত পুষ্পের জোড়া গোলের সুবাসে মাতল ফরিদগঞ্জ। ২-১ গোলের জয় নিয়ে ২২তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করল দলটি।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ছিল মতলব দক্ষিণের দাপটে। ফরিদগঞ্জের রক্ষণভাগে একের পর এক আক্রমণ শানিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তারা। শুরুতে কিছুটা অগোছালো মনে হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পায় ফরিদগঞ্জ। প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দলটি।
দ্বিতীয়ার্ধে মাঠের চিত্রপট বদলে যায়। আক্রমণের ধার বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে ফরিদগঞ্জ। আর সেই আক্রমণের সফল সমাপ্তি টানেন মিডফিল্ডার পুষ্প। তাঁর প্রথম গোলেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ফরিদগঞ্জের সমর্থকরা। গোলের আনন্দ শেষ হতে না হতেই আবারও প্রতিপক্ষের জালে বল পাঠান পুষ্প। দুর্দান্ত দ্বিতীয় গোলটিতে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দুই গোলের লিডে যখন ফাইনালের স্বপ্নে বিভোর ফরিদগঞ্জের সমর্থকরা, ঠিক তখনই ম্যাচে নতুন উত্তাপ ছড়ায় মতলব দক্ষিণ। আক্রমণভাগের খেলোয়াড় সোহেলের গোলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। একটি গোলের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার আশায় নতুন করে মরিয়া হয়ে ওঠে মতলব দক্ষিণ।
এরপর শুরু হয় মাঠজুড়ে স্নায়ুযুদ্ধ। মতলব দক্ষিণের প্রতিটি আক্রমণে সমতায় ফেরার সম্ভাবনা, আর ফরিদগঞ্জের পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর হাতছানি। গ্যালারিতে বসে থাকা দর্শকদের চোখ যেন এক মুহূর্তের জন্যও মাঠ থেকে সরছিল না। এই বুঝি গোল! এই বুঝি ম্যাচের মোড় ঘুরে গেল! শেষ মুহূর্তের প্রতিটি আক্রমণেই তৈরি হচ্ছিল নতুন রোমাঞ্চ।
তবে সব উত্তেজনা আর সম্ভাবনার অবসান ঘটিয়ে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে ফরিদগঞ্জ শিবির। ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। পুষ্পের জোড়া গোলের নৈপুণ্যে ফরিদগঞ্জের ফুটবলপ্রেমীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
এবার অপেক্ষা ফাইনালের। সেমিফাইনালের এই দুর্দান্ত জয় আত্মবিশ্বাস জোগাবে ফরিদগঞ্জকে। পুষ্পের গোলের ধারাবাহিকতা আর দলের সম্মিলিত পারফরম্যান্স ধরে রাখতে পারলে শিরোপার লড়াইয়েও নতুন চমক দেখাতে পারে দলটি।
















