মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের
- আপডেট সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

ফজরের নামাজ পড়ে মাছ কেনার জন্য স্থানীয় মাছের বাজারে যাওয়ার পথে কার্ভাড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান(২০) নামে এক যুবকের করুণ মৃত্য হয়েছে। নিহত রোমান পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির জসিম জমাদারের ছেলে ।
এই ঘটনায় চরকুমিরা গ্রামের আা: রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আ: রাজ্জাকের ছেলে সোহাগ (১৭) নামে আরো দুইজন গুরুতর আহত হয়ে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তায় এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে ঘটে।
স্থানীয়রা জানায়,শুক্রবার সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য পায়ে হেঁটে রওনা দেন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতলপাটোয়ারী বাড়ির সামনে আসলে পিছন দিক থেকে কার্ভাড ভ্যান(ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় বাপ্পি ও সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিক্ষুব্ধ জনতা এসময়ে কার্ভাড ভ্যান(ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) আটক করে এবং চালকসহ দুইজনকে আটক করার পর থানা পুলিশ কার্ভাড ভ্যান জব্দ ও গাড়ীর চালক ও সহযোগি ইমরান (২৬) ও মোঃ ইকরাম (২৩)কে আটক করেছে।
পুলিশ জানায়, আটককৃত ইমরান ও ইকরাম দুই সহোদর। তারা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের আনসার হাওলাদারের ছেলে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়ীটি জব্দ ও চালকসহ দুইজন আটক রয়েছেন।











