ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুরের ঘটনায়ূ দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় থানা পুলিশ দুইজনকে আটক করেছে। এরা হলেন, চির্কা চাঁদপুর গ্রামের মো. আমির হোসেন স্বপন (৫২) ও নোয়াগাঁও গ্রামের মো. হাবিবুর রহমান (৪২)। শুক্রবার ( ৩ এপ্রিল ২০২৬) গভীর রাতে তাদের আটকের পর শনিবার (৪ এপ্রিল ২০২৬) চাঁদপুর আদালতে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে পৌর এলাকার সাহাপুর পাটওয়ারী বাড়িতে বহিরাগতদের নিয়ে তারই ভাতিজা মাহাবুব পাটওয়ারী ও আবু জাফর পাটওয়ারীর নেতৃত্বে একদল সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তবে তারা ৫ই আগস্টের পরে জোর পূর্বক দেওয়াল তোলার অভিযোগ করেন। এবং তাদের পানি ও সুয়ারেজের লাইন কাটার অভিযোগ করেন। তারা দাবী করেন দেওয়ালটি অবৈধভাবে করা হয়েছে, যা তাদের বাড়ির সৌন্দর্যসহ চলাচলের রাস্তা সরু করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশো/২০২৪ এর ৪(১)/৫ ফরিদগঞ্জ থানার মামলা (নং-০৬, তারিখ-০৪/০৪/২০২৬) গ্রহণ পূর্বক উক্ত দুই আসামীকে আটক করে।
মামলা দায়ের ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্ম হেলাল উদ্দিন বলেন, সাহাপুর পাটওয়ারীর বাড়ির ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়। পরে দুই আসামীকে আটকের পর শনিবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৬টায় ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সাহাপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে ৫/৬টি গাড়ি নিয়ে প্রায় শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। তাদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও দেখা গেছে। তারা হঠাৎ বাড়িতে ঢুকে সীমানা প্রাচীর ভাংচুর শুরু করে এবং বাড়ির অন্যান্য সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেয়। বাড়ির প্রতিটি ঘরের জানালায় কালো কাপড় বেঁধে দেয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য বাড়ি থেকে পালিয়ে যান, আবার কেউ ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন।
বাড়িতে হামলার ঘটনার সংবাদ শুনে মোতাহার হোসেন পাটওয়ারী জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সুমন নামে এক পুলিশ সদস্য ও সংবাদ সংগ্রহকালে আবদুস সালাম নামে এক গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়।

প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ