বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার সময়ই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া পরিপত্র অনুযায়ী, ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণের সঙ্গে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরমও জমা দিতে হবে। যথাযথভাবে এ ফরম পূরণ না করলে তাঁকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং নিয়োগ সুপারিশসংক্রান্ত বিধিমালা ও পরিপত্র সংশোধনের খসড়ায় এ প্রস্তাব রাখা হয়েছে।
দৈনিক আমাদের বার্তার হাতে আসা নতুন খসড়া পরিপত্রে বলা হয়েছে, আগে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি-আর ফরম পূরণ করতে হতো। প্রস্তাবিত নিয়মে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে আবেদনকারীকে ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণের সময়ই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।
খসড়ায় আরও বলা হয়েছে, এনটিআরসিএ নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয় প্রতিবেদন সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তাব করেছে। কোনো নির্বাচিত প্রার্থী যথাযথভাবে পুলিশ ভেরিফিকেশন ফরম জমা না দিলে তাঁকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
এ ছাড়া পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তাঁর নিয়োগ সুপারিশপত্র বাতিল বলে গণ্য হওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় শর্তসাপেক্ষে নিয়োগের জন্য সুপারিশ করার সুযোগও রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি জানাতে হবে।
প্রস্তাবিত খসড়ায় ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ সুপারিশের অযোগ্য বিবেচনা করার কথাও বলা হয়েছে। তবে এসব বিধান এখনো চূড়ান্ত হয়নি।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়া এবং নিয়োগ সুপারিশসংক্রান্ত নতুন খসড়া পরিপত্রে আরও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে মৌখিক পরীক্ষার নম্বর ২০ থেকে বাড়িয়ে ৩০ করা, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর অনুপাত ১:২ থেকে ১:৩ করা এবং বয়স গণনার তারিখ আবেদনের শেষ দিন নির্ধারণের প্রস্তাব উল্লেখযোগ্য।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, খসড়াগুলো চূড়ান্ত হওয়ার আগে এসব পরিবর্তন কার্যকর হচ্ছে না। ফলে প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই নতুন নিয়ম কার্যকর হবে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ