কয়েক দশকের পুরোনো চলাচলের রাস্তার মাটি কেটে কাঁটা তারের বেড়া দেয়া হয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে একটি বাড়ির প্রায় অর্ধশত পরিবার। অন্যদিকে কাঁটাতারের বেড়া যাতে প্রশাসন সরাতে না পারে সেজন্য আদালতে নিষেধাজ্ঞা জারির আদেশ চেয়ে মামলাও করেছে। এতেই ক্ষ্যান্ত না হয়ে ওই জমিতে সৃজনকৃত বাগানের গাছ কেটে সাবাড় করার সময়ে বাধা দিতে গেলে নৌ-কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধার স্ত্রীসহ দুই নারী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি আলী আশরাফ শিমুল দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথে কাঁটাতারে বেড়া দেয় ও রাস্তার মাটি কেটে ফেলে। প্রশাসন যাতে ওই কাঁটাতারের বেড়া যাতে না উঠাতে পারে সেজন্য নিজেই আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন করে মামলা দায়ের করে। সর্বশেষ সে শনিবার (২১ নভেম্বর) সকালে সৃজনকৃত বাগান থেকে বিপুল সংখ্যক সুপারি গাছ কেটে ফেলে। গাছ কাটার ঘটনায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগম (৬৫) ও আমেনা আক্তার শিউলী (৩৮) নামে দুই নারী গুরুতর আহত হয়।
এব্যাপারে আহত আমেনা আক্তার শিউলী জানান, দীর্ঘকালের চলাচলের পথে কোন কারণ ছাড়াই আলী আশরাফ শিমুল গত ৬ সেপ্টেম্বর কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ কেটে দেয়। যাতে আমাদেরসহ পুরো বাড়ির লোকজনকে অবরুদ্ধ করে রাখে। প্রতিকার পেতে আমরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলে ভূমি অফিস কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে আমাদের পক্ষে রায় দেয়ায় প্রতিপক্ষরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এবং কাঁটাতারের বেড়া যাতে না সরাতে পারে সেজন্য চাঁদপুর আদালতে মামলা দায়ের করে। সর্বশেষ শনিবার আমাদের সম্পত্তির উপর সৃজনকৃত বাগান থেকে সুপারি গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে আমার এবং আমার শাশুড়ির উপর হামলা করে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় আমার শাশুড়ি বাদী হয়ে লিখিত অভিযোগ করেছে।
এদিকে ভূমি অফিস থেকে তদন্তকালে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও আলী আশরাফ শিমুল উপস্থিত হননি বলে জানা গেছে। পরবর্তীতে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুঠোফোনে আলী আশরাফ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করা হয়েছে। গাছ কাটার বিষয়ে কোন কথা বলেননি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, লিখিত অভিযোগের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ