প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৩:৩৩ পি.এম
বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর
ফরিদগঞ্জ উপজেলাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে এক যুবক নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাকিব হোসেন (২১)। তিনি পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আবুল হাশেমের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা আবুল হাশেম (৬০), যিনি একই সিএনজির যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার বাবা আবুল হাশেম চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের এক বন্ধু জানান, বাবার চোখের চিকিৎসার জন্য রাকিব হোসেন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ