দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ‘নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।’
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ। দীর্ঘদিন ধৈর্য ধারণ করা হলেও সেই সুযোগকে দুর্বলতা মনে করে সাধারণ মানুষের ওপর হামলা ও নৈরাজ্য চালানো হচ্ছে। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় রাজপথেই এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, জেলা যুবদলের সদস্য আবদুল মতিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক শাওন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
ছবির ক্যাপশন: ফরিদগঞ্জে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান (উপরে)।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা (নিচে)।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ