প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৪:০৮ পি.এম
পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন
প্রায় পাঁচ দশক ধরে যে পথ ধরে প্রতিদিন ব্যবসার টানে ছুটেছেন, সোমবারের সকালেই সেই চেনা পথ হয়ে উঠল তাহের মাস্টারের জীবনের শেষ ঠিকানা। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ টিঅ্যান্ডটি মোড়ে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কড়ৈতলী বাজারের প্রবীণ ব্যবসায়ী তাহের মাস্টার (৬৫)।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাহের মাস্টার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামের মিজি বাড়ির মৃত মকবুল আহমেদের ছেলে। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে কড়ৈতলী বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন তিনি। সময়ের পরিক্রমায় বাজারের পরিচিত মুখ থেকে হয়ে উঠেছিলেন ব্যবসায়ী সমাজের প্রবীণ একজন সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরেও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হন তাহের মাস্টার। কড়ৈতলী বাজার থেকে বাইসাইকেল চালিয়ে তেল কিনতে ফরিদগঞ্জের একটি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ফরিদগঞ্জ টিঅ্যান্ডটি মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনার পর চালক যানবাহনটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই নিভে যায় তাহের মাস্টারের জীবনপ্রদীপ।
কড়ৈতলী বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় অর্ধশতাব্দী ধরে একই বাজারে ব্যবসা করেছেন তাহের মাস্টার। তিনি ছিলেন বাজারের প্রতিষ্ঠিত ও পরিচিত মুদি ব্যবসায়ীদের একজন। দীর্ঘদিনের পথচলায় ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে গড়ে উঠেছিল তার নিবিড় সম্পর্ক। আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিতজন ও ব্যবসায়ীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্য জাহিদুল ইসলাম পাখি জানান, নামের সঙ্গে ‘মাস্টার’ যুক্ত থাকলেও তাহের মাস্টার কখনো শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন না। ছোটবেলা থেকেই এলাকায় তিনি ‘তাহের মাস্টার’ নামে পরিচিত হয়ে ওঠেন। সেই পরিচিতিই একসময় তার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এরশাদ উল্যাহ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত যানবাহন ও চালককে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দীর্ঘ পাঁচ দশক ধরে কড়ৈতলী বাজারের কোলাহলের সঙ্গে মিশে থাকা তাহের মাস্টারের পরিচিত মুখটি আর দেখা যাবে না দোকানের আঙিনায়। এক সকালের আকস্মিক দুর্ঘটনা থামিয়ে দিল তার দীর্ঘ কর্মময় জীবনের পথচলা।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ